AdvertisementAdvertisement

হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত: নয়াদিল্লির তীব্র প্রতিবাদ

হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। চলতি সপ্তাহে ওমান উপকূলের অদূরে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে মার্কিন কূটনীতিককে তলব করেছে।

নৌ-অবরোধ অমান্য করে ইরানের তেল পরিবহনের অভিযোগে পালাউ পতাকাবাহী একটি জাহাজে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে একই পতাকাবাহী আরেকটি জাহাজেও মার্কিন বিমান হামলা চালানো হয়, যেখানে ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ওমানি নৌবাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও তৃতীয় আরেকটি জাহাজের অন্তত ২০ জন নাবিক বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব জানান, আক্রান্ত জাহাজগুলোর নাবিকেরা উদ্ধারের জন্য মরিয়া হয়ে আকুতি জানিয়েছিলেন। কিন্তু মার্কিন বাহিনী সতর্কতামূলক গুলি না চালিয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

নিহতদের বিষয়ে ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়া জরুরি। ভারতের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিক্সকে তলব করে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজও এ ধরনের কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জেসন চুয়াহ সতর্ক করে বলেছেন, যুদ্ধাবস্থায় অবরোধ কার্যকর করার ক্ষেত্রে মার্কিন বাহিনীর এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইনের সীমারেখাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে বেসামরিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং নিরপরাধ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই আইনত সমর্থনযোগ্য নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন এই হামলাকে ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’ ও বর্বরোচিত আচরণ বলে নিন্দা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ওয়াশিংটনের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। সাম্প্রতিক এই উত্তেজনার ফলে হরমুজ প্রণালীতে চলাচলকারী নাবিকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের মতে, তাঁদের জীবন যেন এখন মার্কিন সামরিক কৌশলের কাছে জিম্মি হয়ে পড়েছে। পরিস্থিতির কোনো উন্নতি না হলে বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও নাবিকদের জীবন আরও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%