অষ্টমাসের ধারাবাহিক প্রত্যাখ্যান পেরিয়ে অক্সফোর্ড স্কলারশিপ জিতলেন ভারতীয় মেধাবী বৈষ্ণবী রামালিঙ্গম

সাফল্যের পথে অবিচল নিষ্ঠা ও কঠোর পরিশ্রম যে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের তরুণী বৈষ্ণবী রামালিঙ্গম। দীর্ঘ আট মাস ধরে ক্রমাগত প্রত্যাখ্যানের শিকার হয়েও মনোবল হারাননি তিনি। শেষ পর্যন্ত অদম্য ইচ্ছাশক্তির জোরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন করে নিয়েছেন এই মেধাবী শিক্ষার্থী। নিজের এই সাফল্যে আবেগাপ্লুত বৈষ্ণবী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, চরম অনিশ্চয়তার মধ্যেও মহাবিশ্ব কীভাবে সাফল্যের নতুন পথ খুলে দেয়, তা এখন তার কাছে স্পষ্ট।

নিজের অনুভূতির কথা প্রকাশ করে বৈষ্ণবী জানান, যে সুযোগটির বিষয়ে তিনি সবচেয়ে কম আশাবাদী ছিলেন এবং যা পাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন, সেটিই অবশেষে ধরা দিয়েছে সাফল্যের ঠিকানায়। এই অর্জনের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বৈষ্ণবীর এই সাফল্য যেন সেই সব শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা, যারা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেদের স্বপ্ন পূরণে সচেষ্ট।

পরিবারের প্রথম গ্র্যাজুয়েট হিসেবে বৈষ্ণবী পুণের সিমবায়োসিস ল স্কুল থেকে বিএ এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে তিনি নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটিতে ‘লেইডেন ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ’ নিয়ে আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ে অ্যাডভান্সড এলএলএম ডিগ্রি অর্জন করেন। পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, পরিবারের প্রথম শিক্ষিত সদস্য হিসেবে নতুন কোনো গন্তব্যে পৌঁছানো অত্যন্ত একাকীত্বের এবং চ্যালেঞ্জিং। তবে লেইডেন ইউনিভার্সিটির শিক্ষকদের অকুন্ঠ সমর্থন এবং সঠিক নির্দেশনা তাকে অক্সফোর্ডে আবেদন করার জন্য সাহস জুগিয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

০%
০%
০%
০%