বাবা শেবাগের পথে আর্যবীর ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন সেহবাগের ছেলে

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী সেপ্টেম্বর মাসে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারত দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৬-এ ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলী ক্রিকেট বোদ্ধাদের নজর কেড়েছে, যা অনেকের মনেই তার বাবার ব্যাটিংয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। এর আগে ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে ২৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন।
দলটিতে আর্যবীরের সঙ্গী হিসেবে আছেন উইকেটরক্ষক অন্বয় দ্রাবিড়। গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার সুবাদে তিনি দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে ওয়ানডে ফরম্যাটে সুযোগ পেলেও আর্যবীর কিংবা অন্বয়—কেউই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের মাল্টি-ডে বা বহুজাতিক সিরিজের স্কোয়াডে জায়গা পাননি।
আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ওপেনার লক্ষ্য রাইচান্দানি, আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দেওয়া যশবর্ধন চৌহান। তবে মাল্টি-ডে সিরিজে এই দুই খেলোয়াড় তাদের দায়িত্ব অদলবদল করবেন। অর্থাৎ, ওই সিরিজে যশবর্ধন চৌহানের নেতৃত্বে মাঠে নামবে ভারত এবং লক্ষ্য রাইচান্দানি পালন করবেন সহ-অধিনায়কের ভূমিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে রাজকোটে, যেখানে ১৮, ২১ এবং ২৩ সেপ্টেম্বর লড়াইয়ে নামবে দুই দল। এরপর ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর রাজকোটেই অনুষ্ঠিত হবে প্রথম মাল্টি-ডে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচটি ৫ থেকে ৮ অক্টোবর আহমেদাবাদের বি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
