আটাল ও ইব্রাহিমের জোড়া শতকে আয়ারল্যান্ড বধ করে সিরিজ জয় আফগানিস্তানের

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওডিআই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। সেদিউল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরানের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে স্বাগতিকদের ৪২ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ২৩১ রানের বিশাল জুটি গড়ে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেন ইব্রাহিম ও আতাল। ক্যারিয়ারসেরা ১৪৩ রানের ইনিংস উপহার দেন আতাল। ১২০ বলের এই ইনিংসে তিনি ১৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান। অপরদিকে ইব্রাহিম ১১৮ বলে ১০৭ রান সংগ্রহ করেন, যার মধ্যে ১১৫ বলে তার শতক পূর্ণ হয়। শেষদিকে দারউইশ রাসুলির ২৪ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ রানের ওপর ভর করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৩ রানের পাহাড় গড়ে। আইরিশ বোলারদের মধ্যে ব্রায়ান ম্যাকডোনা ৮৪ রানে ৩টি এবং মার্ক অ্যাডায়ার ৬০ রানে ২টি উইকেট তুলে নেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরুটা ইতিবাচক করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। পল স্টার্লিং ২৭ রান করে আল্লাহ গাজানফারের শিকারে পরিণত হন এবং ইয়ামিন আহমেদজাই সাজঘরে ফেরান ৫ রান করা ক্যাড কারমাইকেলকে। দলের হাল ধরেন অ্যান্ডি বালবার্নি। তিনি ১১৯ বলে ১০৯ রানের লড়াকু ইনিংস খেললেও রানের গতি ধরে রাখা ছিল কঠিন। কার্টিস ক্যাম্ফার ৪৬ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন, কিন্তু তিনি আউট হতেই আয়ারল্যান্ডের ইনিংসের ছন্দপতন ঘটে।
আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ ওভারে ৩০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ইয়ামিন আহমেদজাই ৭১ রানে ৪টি এবং রশিদ খান ৪৯ রানে ৩টি উইকেট দখল করে দলের জয় নিশ্চিত করেন। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৩৪৩/৯ (আতাল ১৪৩, ইব্রাহিম ১০৭; ম্যাকডোনা ৩-৮৪, অ্যাডায়ার ২-৬০, গ্যাভিন হুই ২-৭১) এবং আয়ারল্যান্ড ৩০১ অলআউট (বালবার্নি ১০৯, ক্যাম্ফার ৮৪; ইয়ামিন ৪-৭১, রশিদ ৩-৪৯)।
