মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ডেভিড ওয়ার্নার সংকটে অধিনায়কত্বের ভবিষ্যৎ

অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নিজের দোষ স্বীকার করেছেন। গত এপ্রিলে সিডনিতে সংঘটিত এই ঘটনায় আইনি জটিলতায় পড়েছেন এই ব্যাটার। ওয়ার্নারের আইনজীবী ববি হিল ওয়েভারলি লোকাল কোর্টে তার মক্কেলের পক্ষে এই স্বীকারোক্তি তুলে ধরেন। আদালতের নিয়ম অনুযায়ী, এই শুনানির সময় ওয়ার্নারের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন ছিল না।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ৫ এপ্রিল। সিডনির রাস্তায় নিয়মিত পুলিশি তল্লাশির সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে আটক হন ৩৯ বছর বয়সী ওয়ার্নার। পরবর্তীতে পুলিশ স্টেশনে নেওয়া হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা আইনি সীমার চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়া যায়। এই ঘটনায় আগামী ১৮ আগস্ট তার শাস্তির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

আইনজীবী ববি হিল জানিয়েছেন যে, নিজের কৃতকর্মের জন্য ওয়ার্নার অনুতপ্ত। তিনি স্বীকার করেছেন যে, উবার বা অন্য কোনো বাহন ব্যবহারের বদলে ব্যক্তিগত গাড়ি চালানোর সিদ্ধান্তটি ছিল অত্যন্ত অবিবেচনাপ্রসূত এবং ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত জীবনে এমন ভুল সিদ্ধান্তের জন্য তিনি দায় স্বীকার করে নিয়েছেন।

এই ঘটনা ওয়ার্নারের ক্যারিয়ারে নতুন সংকটের জন্ম দিয়েছে। বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডারের অধিনায়কত্ব নিয়ে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিডনি থান্ডারসহ নিউ সাউথ ওয়েলস ব্লুজ এবং সিডনি সিক্সার্স দলগুলো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে রাজ্য সরকারের প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

ক্রিকেট এনএসডাব্লিউ-এর প্রধান নির্বাহী লি জারমন জানিয়েছেন যে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপদ ড্রাইভিংয়ের পক্ষে নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানিয়েছেন, ওয়ার্নারের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে পরবর্তীতে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

0%
0%
0%
0%