স্টেফানি টেলরের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ক্যারিবীয় নারী দল

ব্রেডিতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৪ রানের জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ সম্পন্ন করেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরজুড়ে ব্যাটারদের দাপট দেখালেও শেষ ম্যাচে ব্যাট হাতে কিছুটা নড়বড়ে ছিল ক্যারিবীয়রা। তবে অভিজ্ঞ স্টেফানি টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২৫৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে তারা। শেষ পর্যন্ত সেই রানই আয়ারল্যান্ডের জন্য পাহাড়সম বাধা হয়ে দাঁড়ায় এবং বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ম্যাচটিতে স্টেফানি টেলর তার ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন। টানা দুই ম্যাচে শতক হাঁকানো টেলরের ১০৫ রানের ইনিংসটি ছিল ক্যারিবীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। তবে দলের অন্য ব্যাটাররা এদিন সুবিধা করতে পারেননি। সেরা সাতে থাকা কোনো ব্যাটারই ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি অতিরিক্ত থেকে আসা ৩১ রান ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের পথে সহায়তা করে। শেষ বলে রান আউট হওয়ার আগে টেলর দলকে পৌছে দেন ২৫৭ রানের সংগ্রহে। ২০০৩ সালের পর এই প্রথম কোনো ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড প্রতিপক্ষের দশ উইকেট তুলে নিতে সক্ষম হলো।
এর আগে বল হাতে অরলা প্রেন্ডারগাস্টের তোপে ৪ উইকেটে ৪৮ রানে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টেলর এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে সামাল দেন পরিস্থিতি। ব্যক্তিগত মাইলফলকের দিনে টেলর স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের কোটা। তার ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ আড়াইশ পার করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস দারুণ কিছু শট খেলে আশা জাগিয়েছিলেন। তার ৫০ রানের ইনিংস এবং লিয়া পলের ৩২ রান লড়াইয়ের ইঙ্গিত দিলেও ক্যারিশমা রামহারাক এবং আফি ফ্লেচারের বিধ্বংসী স্পিন তোপে আয়ারল্যান্ডের ইনিংস ১৯৩ রানেই গুটিয়ে যায়।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ সময় পর ওয়ানডে ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের হতাশায় ছিল তারা। অবশেষে আইরিশদের বিপক্ষে দাপুটে জয়ে সেই বন্ধ্যাত্ব কাটাল ক্যারিবীয়রা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ৪৩ ওভার ১ বলে ১৯৩ রানে অলআউট হয়। ম্যাচসেরা স্টেফানি টেলরের ব্যাটিং বীরত্বে ব্রেডির মাঠে শেষ হাসি হাসল সফরকারী দল।