টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ অনুশীলনে চোট পেয়ে শঙ্কা ফাতিমা সানার অংশগ্রহণে

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠার প্রাক্কালে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান শিবির। বার্মিংহামের এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনের সময় হাঁটুর চোটে পড়েছেন দলনেতা ফাতিমা সানা। শনিবার নেটে অনুশীলনের সময় আয়েশা জাফরের একটি সোজা শট সরাসরি আঘাত করে ফাতিমার ডান হাঁটুতে। ব্যথার তীব্রতায় তাৎক্ষণিকভাবে মাঠে লুটিয়ে পড়েন এই পেস বোলিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই দলের ফিজিও ও সতীর্থরা ছুটে গিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন। এরপর দীর্ঘ সময় তাকে সাইডলাইনে বসে হাঁটুতে বরফ থেরাপি নিতে দেখা গেছে। নেটের অনুশীলনে তাকে আর ফিরতে দেখা না গেলেও, ৪৫ মিনিট পর কোনো প্রকার সহায়তা ছাড়াই তাকে হেঁটে মূল মাঠে ফিরতে দেখা গেছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করে ফাতিমা সানা জানান, এটি কেবলই একটি সাধারণ আঘাত এবং আশা করছেন আগামীকালের ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

গত বিশ্বকাপের পর থেকেই ব্যাটে-বলে অসাধারণ ফর্মে আছেন ফাতিমা। টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৮৩.০৬, যা তাকে দলের ব্যাটিং স্তম্ভে পরিণত করেছে। ১৫ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৪১ বলে ৯০ রানের ইনিংসটি ছিল নজরকাড়া। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ বলে ৪৭ রান ও ১২ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরার পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি।

পাকিস্তান দলের পেস আক্রমণের মূল ভরসা এবং কার্যকরী ব্যাটার হিসেবে ফাতিমার ফিটনেস আসন্ন বিশ্বকাপে দলের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভাব দলের ভারসাম্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এখন পুরো পাকিস্তান ক্রিকেট ভক্তদের নজর এখন তাদের অধিনায়কের সুস্থতার খবরের দিকে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%