Advertisement

সিনসিনাটি ওপেনে অঘটনের রাতে শীর্ষ বাছাই সাবালেঙ্কা ও জভেরেভের বিদায়

সিনসিনাটি ওপেনে বৃষ্টিবিঘ্নিত এক দিনে অঘটনের ঘনঘটা। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা ও আলেকজান্ডার জভেরেভ বিদায় নিয়েছেন নাটকীয়ভাবে। বিশ্বসেরা সাবালেঙ্কাকে স্তব্ধ করে দিয়েছেন ৩৫তম র‍্যাঙ্কধারী চেক খেলোয়াড় সারা বেলেক, অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জভেরেভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের টমি পল।

সারা বেলেকের বিপক্ষে ৭-৬ (৯/৭), ৬-৪ সেটের জয়টি ছিল ক্যারিয়ারের সেরা সাফল্য। ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মানতে হয় সাবালেঙ্কাকে। প্রথম সেটে একসময় ৫-১ পয়েন্টে এগিয়ে থাকা সত্ত্বেও বেলেক অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেটেও ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েও তিনবার বেলারুশিয়ান তারকার সার্ভিস ব্রেক করেন বেলেক। শেষ পর্যন্ত একটি এইসের মাধ্যমে জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিয়ারে শীর্ষ দশ খেলোয়াড়ের বিপক্ষে এটিই তার প্রথম জয়। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ম্যাডিসন কিস। এদিকে ইউএস ওপেনের আগে সাবালেঙ্কার জন্য এটি বড় ধাক্কা, কারণ গত সপ্তাহে টরন্টো মাস্টার্সের চতুর্থ রাউন্ড থেকেও বিদায় নিতে হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

পুরুষ এককের লড়াইয়ে আলেকজান্ডার জভেরেভকে ৪-৬, ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে হারিয়েছেন টমি পল। বৃষ্টির কারণে প্রায় ৯০ মিনিট খেলা বন্ধ থাকার পরও লড়াই জমে ওঠে শেষ পর্যন্ত। দ্বিতীয় সেটের টাইব্রেকারে ম্যাচ জয়ের সুযোগ ছিল জভেরেভের, কিন্তু জালে ভলি আটকে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। শেষ সেটেও এগিয়ে থেকেও পলকে আটকাতে পারেননি এই জার্মান তারকা। টমির সামনে এখন ফ্লাভিও কোবোলি, যিনি রাফায়েল জোদারকে ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হারিয়েছেন।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের অন্যান্য ম্যাচেও ছিল বড় চমক। দ্বিতীয় বাছাই কানাডার ফেলিক্স অগার-অ্যালিয়াসিম ৬-৩, ৬-৪ গেমে ফ্রান্সিস টিয়াফোর কাছে হেরে বিদায় নিয়েছেন। নোভাক জোকোভিচকে হারিয়ে আলোচনায় আসা থিয়াগো তিরান্তে নিজের ফর্ম ধরে রেখে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ইয়াকুব মেনসিককে হারিয়ে প্রথমবারের মতো মাস্টার্স কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এছাড়া অস্ট্রেলিয়ান পঞ্চম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন আর্থার ফিলস এবং টেলর ফ্রিৎস ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রিস ও’কনেলকে।

নারী এককে প্রত্যাশিত জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ ও ইগা সিওনতেক। কোকো গফ ৬-৩, ৬-২ গেমে মেরি বুজকোভাকে এবং ইগা সিওনতেক ৬-৩, ৬-৩ গেমে ডায়ান প্যারিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন। তবে উল্টো চিত্র দেখা গেছে অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীদের ক্ষেত্রে। মিরা আন্দ্রিভাকে ৪-৬, ৬-০, ৬-২ সেটে হারিয়েছেন মার্তা কস্তিউক এবং লিন্ডা নোসকোভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন আমান্ডা আনিসিমোভা।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%