বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের সামনে নরওয়ের কঠিন পরীক্ষা ভিনিসিউস বনাম হালান্ড দ্বৈরথে রোমাঞ্চের হাতছানি

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে রবিবার নিউ জার্সিতে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। বিশ্ব ফুটবলের অন্যতম দুই শক্তিশালী দল এবং বর্তমান সময়ের দুই তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র ও আর্লিং হালান্ডের দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের এই প্রতিপক্ষের বিপক্ষে অতীতে কখনোই জয় পায়নি, ফলে এই ম্যাচটি সেলেকাওদের জন্য হয়ে দাঁড়িয়েছে প্রতিশোধের মঞ্চ।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়ে অন্যতম একটি দেশ যাদের বিপক্ষে ব্রাজিল এখনও জয়ের মুখ দেখেনি। গ্রুপ ‘সি’-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থান দখল করে নকআউট পর্বে আসা ব্রাজিল শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে। বিপরীতে গ্রুপ ‘আই’ থেকে দ্বিতীয় হয়ে আসা নরওয়ে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়লাভের ইতিহাস গড়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই নরওয়ের তুরুপের তাস হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। মাত্র ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড নরওয়ের করা মোট ১০টি গোলের মধ্যে একাই করেছেন ৫টি। নরওয়ের কোচ স্তালে সোলবাকেন খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের সেই ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছিলেন। সেই স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কোচ সোলবাকেন জানান, ব্রাজিল ফেভারিট হলেও তারা কেবল খেলার জন্য মাঠে নামছেন না, বরং কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন ভিনিসিউস জুনিয়র। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪টি গোল করা ভিনিসিউস ২০০২ সালে রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। যদিও কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হলো, ২০০২ সালের ফাইনালের পর থেকে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে শেষ ছয়টি নকআউট টাইয়েই ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে।

বিজ্ঞাপন

অপটা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৩.৬ শতাংশ, সেখানে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। লুকাস পাকেতার হ্যামস্ট্রিং ইনজুরি এবং রাফিনিয়ার পুরোপুরি ফিট না হওয়া ব্রাজিলের শিবিরে কিছুটা অস্বস্তি বাড়ালেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেকাওরা। অন্যদিকে, নরওয়ের জুলিয়ান রিয়ারসন উরুর ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বাইরে থাকছেন। জয়ী দল পরবর্তী কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে আগামী ১১ জুলাই মায়ামিতে।

0%
0%
0%
0%