ডোপিং কেলেঙ্কারিতে সাত বছরের নিষেধাজ্ঞা পেলেন বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ কিবিওট কান্দি

অ্যাথলেটিক্সের দুনিয়ায় বড় ধরনের ধাক্কা খেলেন কেনিয়ার তারকা অ্যাথলেট কিবিওট কান্দি। ডোপিং বিরোধী নিয়ম ভঙ্গের দায়ে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট বা এইআইইউ তাকে টানা সাত বছরের জন্য সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে। এক সময়ের বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেটের বিরুদ্ধে নমুনা প্রদানে অস্বীকৃতি এবং জালিয়াতির চেষ্টার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।
এইআইইউ-এর প্রধান ব্রেট ক্লোথিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, খেলাধুলার পবিত্রতা রক্ষায় অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, কোনো অ্যাথলেটই নিয়মের ঊর্ধ্বে নন এবং পরীক্ষা প্রদানে অস্বীকৃতি জানানো মানেই অ্যাথলেটিক্সের ভিত্তিকে হুমকির মুখে ফেলা। সংস্থার শক্তিশালী ফরেনসিক অনুসন্ধানের মাধ্যমেই কান্দির প্রতারণার বিষয়টি বেরিয়ে এসেছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১ মার্চ। নিজ দেশ কেনিয়ায় আউট-অফ-কম্পিটিশন পরীক্ষার জন্য অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটের প্রতিনিধিরা হাজির হলে কান্দি নানা অজুহাতে নমুনা প্রদানে অস্বীকৃতি জানান। পরবর্তী তদন্তে উঠে আসে, তিনি নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে এবং সত্য গোপন করতে নানা ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। এমনকি কেনিয়ান কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়েছে যে, কান্দি নিজের স্বপক্ষে যে নথি জমা দিয়েছিলেন সেগুলো ছিল সম্পূর্ণ নকল। এছাড়া তার ফোন ও আর্থিক লেনদেনের রেকর্ড বিশ্লেষণ করে নার্সদের সাথে আর্থিক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।
প্রাথমিকভাবে কান্দিকে দুটি আলাদা অভিযোগে আট বছরের নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শাস্তির শর্তাবলী দ্রুত মেনে নেওয়ায় তার সাজা এক বছর কমিয়ে সাত বছর করা হয়েছে। ২০২৫ সালের ১৪ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা ২০৩২ সালের ১৩ মার্চ পর্যন্ত বহাল থাকবে। সাজা শেষ হওয়ার সময় কান্দির বয়স হবে ৩৬ বছর।
দীর্ঘ ক্যারিয়ারে অ্যাথলেটিক্স ট্র্যাকে দারুণ সব সাফল্য ছিল কান্দির ঝুলিতে। তিনবার ভ্যালেন্সিয়া হাফ ম্যারাথনের শিরোপা জয়ী এই অ্যাথলেট ২০২০ সালে ৫৭ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে তৎকালীন বিশ্বরেকর্ড গড়েছিলেন। এখনও হাফ ম্যারাথনের ইতিহাসে তিনি তৃতীয় দ্রুততম মানব হিসেবে বিবেচিত। তবে ডোপিং কেলেঙ্কারির এই কলঙ্কিত অধ্যায়ে তার গৌরবোজ্জ্বল ক্যারিয়ার এখন হুমকির মুখে।