AdvertisementAdvertisement

লা মালের জাদুতে সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে জয়ের ধারায় স্পেন

লামিন ইয়ামালের জাদুকরী প্রত্যাবর্তনে বিশ্বকাপে নিজেদের ছন্দ ফিরে পেল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। রবিবার আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের জানান দিয়েছে। আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা ঝেড়ে ফেলে এই জয়ে এইচ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল স্পেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্পেন গোলের দেখা পায় ১০তম মিনিটে। মিকেল ওয়ারজাবালের বাড়ানো নিখুঁত ক্রস থেকে ব্যাক পোস্টে স্লাইড করে বল জালে জড়ান ইয়ামাল, যা বিশ্বকাপে এই তরুণ সেনসেশনের প্রথম গোল। গোল পাওয়ার পর যেন স্বরূপে ফেরে স্পেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই দুইবার লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন মিকেল ওয়ারজাবাল।

Advertisement
বিজ্ঞাপন

ওয়ারজাবালের প্রথম গোলটি আসে কর্নার থেকে আসা বল থেকে। দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বল সৌদি রক্ষণভাগ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আইমেরিক লাপোর্তের হেডে বল পেয়ে যান ওয়ারজাবাল। এর তিন মিনিট পরেই পেদ্রো পোরোর ভাসানো পাসে মার্ক কুকুরেয়ার হেডে বল পেয়ে দুর্দান্ত ভলিতে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। পুরো ম্যাচে স্পেনীয় আক্রমণের বিপরীতে সৌদি আরব ছিল একেবারেই অসহায়।

Advertisement
বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌদি আরবের দুর্ভাগ্য আরও বাড়ে। মার্ক কুকুরেয়ার একটি জোরালো শট সৌদি গোলরক্ষক প্রতিহত করলেও বল ডিফেন্ডার হাসান আলতামবাকতির গায়ে লেগে আত্মঘাতী গোল হিসেবে জালে জড়ায়। ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর অবশ্য স্পেন কিছুটা গতি কমিয়ে আনে এবং মূল তারকাদের বিশ্রাম দেওয়ার সুযোগ পায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই জয়ের মাধ্যমে কোচ লুইস দে লা ফুয়েন্তে তার ৬৫তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ামাল নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। তিনি বলেন, গত বিশ্বকাপ আমি ক্লাসরুমে বসে দেখেছি, আর আজ আমার মা ও পরিবারের সামনে গোল করতে পারাটা স্বপ্নের মতো। অন্যদিকে, সমালোচকদের কড়া জবাব দিয়ে মিকেল ওয়ারজাবাল জানান, দলের কোচ এবং সতীর্থদের ওপর আস্থা রাখাই তার মূল লক্ষ্য। এই হারে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বেশ চাপে পড়ল সৌদি আরব। গ্রপ এইচ-এর অপর ম্যাচে মায়ামিতে মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে ও উরুগুয়ে।

0%
0%
0%
0%