রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফিফার বিরুদ্ধে নরওয়ের তোপ শান্তি পুরস্কার বাতিলের দাবি লিসা ক্লাভেনেসের

ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে অনড় অবস্থানে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটির প্রেসিডেন্ট লিস ক্লাভনেস আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগের পেছনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। গত মঙ্গলবার জাতীয় দলের বিশ্বকাপ মিশনে যাত্রার প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে, বিষয়টি নিয়ে ফিফার নৈতিকতা কমিটির কাছে জমা দেওয়া অভিযোগপত্রের সমর্থনে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন তাদের আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে।
মূলত ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার প্রদানের ঘটনাটি ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্বোধনী এই পুরস্কার প্রদান করায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি তীব্র সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’-এর করা অভিযোগ অনুযায়ী, ইনফান্তিনোর এই পদক্ষেপ ফিফার নিজস্ব সংবিধানের রাজনৈতিক নিরপেক্ষতা সংক্রান্ত বিধির সরাসরি লঙ্ঘন। লিস ক্লাভনেস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফিফার নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষায় এই বিতর্কিত পুরস্কারটি বাতিল করা জরুরি।
বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সপ্তাহান্তে অনুষ্ঠিত এক বৈঠকে ফিফা কর্মকর্তাদের পক্ষ থেকে নরওয়ের এই অবস্থানের বিষয়ে বেশ কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে জানিয়েছেন ক্লাভনেস। তিনি স্বীকার করেন যে, সদস্য ফেডারেশনের পক্ষ থেকে এমন অভিযোগ আসায় তা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মহলে বেশ অস্বস্তির জন্ম দিয়েছে। তবে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন তাদের অবস্থানে অটল। ক্লাভনেসের মতে, বিষয়টি নিয়ে ফিফার প্রতিনিধিদের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে এবং নরওয়ে কেন এই পদক্ষেপে সমর্থন দিচ্ছে, তার যৌক্তিক কারণগুলোও তুলে ধরা হয়েছে।
নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন তাদের এই অভিযোগের ক্ষেত্রে অন্য কোনো দেশ বা সংস্থাকে চাপ প্রয়োগ না করে এককভাবেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইতিমধ্যে বেশ কিছু ফেডারেশন তাদের প্রতি মৌখিক সমর্থন জানিয়েছে, তবুও আনুষ্ঠানিক অভিযোগপত্রটি নরওয়ে একাই জমা দিয়েছে। বিশ্বকাপের উত্তাপ চলাকালীন রাজনৈতিক এই টানাপোড়েন যে নতুন উচ্চতায় পৌঁছালো, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লিস ক্লাভনেস দৃঢ় সংকল্পবদ্ধ; বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই তারা এই অভিযোগের সুরাহা করতে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইবেন।