বিগত সরকারের বিদ্যুৎ খাতের দুর্নীতি ছিল শুভঙ্করের ফাঁকি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অভিযোগ করেছেন, বিগত ১৭ বছরে বিদ্যুতের নামে সাধারণ মানুষের সঙ্গে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। তিনি বলেন, কুইক রেন্টালের নামে নিজস্ব লোকজনকে সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘদিনের সংকটের মুখোমুখি হয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এই জটিল সংকট নিরসন করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দলের পরিচয় যাই হোক না কেন, অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের বর্তমান অস্থিরতা নিয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী জানান, একটি স্বার্থান্বেষী মহল অর্জিত সাফল্য নস্যাৎ করতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তিনি এই হীন উদ্দেশ্য রুখে দিতে দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
