Advertisement

সীতাকুণ্ডে কারামুক্তির দুই বছর পূর্তিতে আসলাম চৌধুরীর সংবর্ধনা সমাবেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এলকে সিদ্দিকী স্কয়ারে বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ কারাবাস পরবর্তী মুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও বিশাল সমাবেশে যোগ দেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন চড়াই-উতরাই ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সমাবেশে আসলাম চৌধুরী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে অনেক মামলা প্রত্যাহার করা হলেও রহস্যজনকভাবে অর্থের বিনিময়ে পুনরায় সেসব মামলা পুনরুজ্জীবিত করা হয়েছে, তবে অর্থের উৎস বা জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো নাম প্রকাশ করেননি তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ কারাভোগের সময় নিজের পারিবারিক ও ব্যবসায়িক সংকটের কথা তুলে ধরে এই নেতা বলেন, কারাগারে থাকা অবস্থায় পরিবারের চরম আর্থিক অনটনের চিত্র তার মেয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে ফুটে উঠেছিল। এত প্রতিকূলতার মাঝেও তিনি সাধ্যমতো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন।

২০১৩ সালের সীতাকুণ্ডের আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তৎকালীন সেই আন্দোলন জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে এলকে সিদ্দিকী স্কয়ার থেকে এক বিশাল গণমিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সীতাকুণ্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

0%
0%
0%
0%