কুমিল্লায় মাদক নির্মূলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার ঘোষণা বিএনপির নেতার

কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাদক কারবারি ও মাদকসেবীদের তথ্য প্রদানকারীদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি বুড়িচংবাসীর প্রতি এই উদাত্ত আহ্বান জানান।
উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন তিনি। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি মো. জসিম উদ্দিনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোনো মাদক কারবারির বিষয়ে নির্ভুল তথ্য দিয়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া কোনো মাদকসেবীর তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করলে ৫ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ উল্লেখ করে সাইফুল ইসলাম টিপু স্থানীয় বাসিন্দাদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, মাদক কারবারি বা মাদকসেবীকে নিজের হাতে আটক না করে তাদের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। বুড়িচংকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সচেতন এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
