উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার সতর্কবার্তা: নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা

আগামী কয়েক দিনে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের প্রভাবে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী দশ দিনে দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২১ থেকে ২৮ জুন বা এর কাছাকাছি সময়ে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, যা নদ-নদীর পানি বাড়াতে ভূমিকা রাখবে।

পাউবোর তথ্য অনুযায়ী, আগামী সাত দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। একই সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। এছাড়া নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা আপাতত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে চট্টগ্রাম বিভাগের মুহরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরীসহ অন্যান্য নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সতর্ক ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন।

সম্পর্কিত- পাউবো
০%
০%
০%
০%