নতুন বেতনকাঠামো অনুযায়ী চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন কার্যকর

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি হারে মূল বেতন প্রদান শুরু হচ্ছে, তবে আপাতত আগের নির্ধারিত হারেই প্রচলিত ভাতা পাবেন তারা। সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের জারি করা এই প্রজ্ঞাপনটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে। এর আগে ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেখানে মূল বেতন এবং ভাতা আলাদাভাবে কার্যকরের বিষয়টি স্পষ্ট করা হয়েছিল।

নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি চাকরিজীবীদের পুরো বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। ২০২৬–২৭ এবং ২০২৭–২৮—এই দুই অর্থবছরের বিভিন্ন ধাপে এই বেতন-ভাতা পরিশোধ করা হবে।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন দেওয়া হবে। তবে নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা কার্যকর করা হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। ততদিন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের পূর্বের নিয়মে ও হারেই ভাতা পেয়ে আসবেন।

০%
০%
০%
০%