উপকূল রক্ষায় মোংলায় কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ‘সবুজের ঢাল’ গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জোর দেওয়া হয়েছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই বিশেষ কর্মসূচির আওতায় মোংলা ও এর পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলজুড়ে মোট ৯ হাজার ৪০০টি বৃক্ষচারা রোপণ করা হবে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রোপণকৃত এই চারাগুলো উপকূলের মাটি ক্ষয় রোধ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং বিরূপ আবহাওয়া মোকাবিলায় দীর্ঘমেয়াদী সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। একইসঙ্গে স্থানীয় জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোংলা ও সংলগ্ন উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এমন উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পরিবেশ বিপর্যয় রোধে উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের এই সম্মিলিত প্রয়াস এলাকায় প্রশংসিত হয়েছে।
