Advertisement

বামনায় ব্যাগে পরিত্যক্ত নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

বরগুনার বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা সদ্যোজাত এক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় আগৈলঝাড়ার ছোটমণি নিবাস থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকা মাতৃসদন ও শিশু হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

উদ্ধারের সময় শিশুটির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। নাড়ি না কাটা অবস্থায় পড়ে থাকা নবজাতকটির সারা শরীরে অসংখ্য পিঁপড়া ছেয়ে ছিল। বিষয়টি জানার পরপরই স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নাড়ি কেটে তার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভাগীয় কমিশনারকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

একটি সদ্যোজাত শিশুকে এভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে বাগানে ফেলে দেওয়ার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে শিশুটির পরম মমতায় মায়ের কোল পাওয়ার কথা ছিল, তাকে এভাবে নিষ্ঠুরতার শিকার হতে দেখে সাধারণ মানুষ মর্মাহত।

বিজ্ঞাপন

এ ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার জন্মদাতা মা-বাবার সন্ধান বের করতে প্রশাসনের কঠোর ও কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

0%
0%
0%
0%