Advertisement

শ্রীমঙ্গলে আবাসিক এলাকা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসভবন থেকে অত্যন্ত বিষধর একটি শঙ্খিনী বা শাঁখামুটি সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সাপটি ঘরের ভেতরে দেখতে পেয়ে আতঙ্কিত পরিবারের সদস্যরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা কামনা করেন। পরবর্তীতে সংস্থাটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদ হেফাজতে নেয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শঙ্খিনী সাপ অত্যন্ত বিষধর হওয়ায় সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সাপ ধরার বা আঘাত করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ স্থানীয়দের পরামর্শ দিয়েছেন, লোকালয়ে বন্যপ্রাণী দেখা দিলে নিরাপদ দূরত্ব বজায় রেখে অভিজ্ঞ উদ্ধারকারী দল কিংবা বন বিভাগকে দ্রুত অবগত করার জন্য।

বিজ্ঞাপন

উদ্ধার পরবর্তী সময়ে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানিয়েছেন, উদ্ধারকৃত শঙ্খিনী সাপটিকে যথাযথ নিয়ম ও সতর্কতার সঙ্গে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

0%
0%
0%
0%