ঢাকায় পা রাখছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া

নব্বইয়ের দশকের ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লদিও ক্যানেজিয়া এখন ঢাকায়। সোমবার ১৭ আগস্ট রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৫৯ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।
বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এই শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং নৌবাহিনী কলেজ, ঢাকা একে অপরের মুখোমুখি হবে। ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ক্যানেজিয়া।
দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে বিশ্বমঞ্চে আলো ছড়ানো এই তারকা ফুটবলার ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৫০টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন। ১৯৯০ বিশ্বকাপে ব্রাজিল ও ইতালির বিপক্ষে তার অবিস্মরণীয় পারফরম্যান্স আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অম্লান। সেবার আর্জেন্টিনাকে ফাইনালে তোলায় তার অবদান ছিল অনস্বীকার্য।
সফরের মূল কর্মসূচির পাশাপাশি ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশের বয়সভিত্তিক ও তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে আয়োজকদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উৎকর্ষ সাধনে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবলের পরিধি বিস্তৃত করা এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বড় মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ক্যানেজিয়ার মতো একজন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতি খুদে ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং এই উদ্যোগে এক নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
