Advertisement

ফটিকছড়িতে হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আল্লাহর রহমত ও হেফাজত আমিরের দোয়া কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে হেফাজত আমিরের কাছে যে ওয়াদা করেছিলেন, আজ তা রক্ষা করতে পেরে তিনি সন্তুষ্ট। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তা সফল করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। একজন মুসলমান হিসেবে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করাকে তিনি পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

দেশে একটি পক্ষ নানা বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতেও যারা দেশকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। আগামী দিনগুলোতেও দেশকে সঠিক পথে রাখতে দেশপ্রেমিক সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কওমি মাদ্রাসাগুলোর বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। সরকার পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে এসব সমস্যার যৌক্তিক সমাধান করবে। এছাড়া দেশের স্থিতিশীলতা বজায় রাখা বিনিয়োগ আকর্ষণের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সরকার এমন একটি দেশ গড়তে বদ্ধপরিকর। ইসলামকে সমুন্নত রেখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়নের পাশাপাশি অবকাঠামো সংস্কারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন এবং বিভ্রান্তি ছড়াতে তৎপর ব্যক্তিদের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

সম্পর্কিত- প্রধানমন্ত্রী
0%
0%
0%
0%