সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ গঠনের ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী

সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখা এবং প্রকৃত গণমাধ্যমকর্মী ও পেশাদারদের আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। নবগঠিত কমিটির প্রথম এই সভায় মন্ত্রী বলেন, কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিকতার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, তা নিরূপণে যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতি অপরিহার্য।
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, বিদ্যমান আইন এবং বিধি-বিধানের পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে হবে। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তিনি মনে করিয়ে দেন যে, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত। তাই রাজনৈতিক পরিচয় ছাপিয়ে প্রতিটি নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করাই দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
গণমাধ্যমকে একটি বহুমাত্রিক ও সংবেদনশীল ক্ষেত্র হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন মত ও পথের মানুষের সহাবস্থান স্বাভাবিক। কোনো ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থেকে অন্তর্ভুক্তিমূলক নীতিমালা অনুসরণের আহ্বান জানান তিনি। মন্ত্রী জোর দিয়ে বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই রাজনৈতিক নেতৃত্বের পরিপক্বতা ও সক্ষমতা প্রমাণিত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও স্পর্শকাতর দপ্তর হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন সতর্ক করেন যে, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও দীর্ঘমেয়াদে নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। তাই আবেগতাড়িত বা তাৎক্ষণিক চিন্তার বদলে দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় কমিটির নবগঠিত সদস্যরা তাদের কর্মপদ্ধতি নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।