AdvertisementAdvertisement

প্যাকেটজাত খাদ্যের মোড়কে দৃশ্যমান সতর্কবার্তা চালুর দাবিতে আহ্ছানিয়া মিশনের মানববন্ধন

প্যাকেটজাত খাবারের মোড়কে থাকা অতি সূক্ষ্ম এবং অস্পষ্ট তথ্যের আড়ালে জনস্বাস্থ্য যেন ঝুঁকির মুখে না পড়ে, সেজন্য এবার রাজপথে সোচ্চার হয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং সংক্ষেপে এফওপিএল দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে এই জোরালো অবস্থান নিয়েছে সংগঠনটি। তাদের মতে, মোড়কের পেছনের ছোট অক্ষরের তথ্যের চেয়ে সামনের দৃশ্যমান সতর্কবার্তা ভোক্তাদের সচেতন করতে অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

এই দাবির সমর্থনে গত মঙ্গলবার ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠনের কর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি জনপ্রিয় অভিনেতা মো. আব্দুল মান্নান জয় রাজ এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশ নেওয়া ব্যক্তিদের কণ্ঠে ছিল নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি এফওপিএল প্রবিধানমালা ২০২৬ দ্রুত কার্যকরের জোরালো আহ্বান।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে অংশ নেওয়া বক্তারা অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি এবং ট্রান্সফ্যাটের ভয়াবহ উপস্থিতিকে দায়ী করেন। এছাড়া তরুণ প্রজন্মের স্থূলতা এবং মানসিক অবসাদের পেছনে অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তাই ভোক্তাদের সঠিক ও স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনে সাহায্য করতে খাদ্যের মোড়কের সামনের অংশে সহজপাঠ্য পুষ্টি সতর্কবার্তা থাকা এখন সময়ের দাবি।

সমাপনী বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান জনস্বাস্থ্য রক্ষায় সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে এফওপিএল প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি তিনি অসংক্রামক রোগ প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি ৩.৪ অর্জনের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%