অনলাইনভিত্তিক মানি লন্ডারিং ও ঝুঁকি মোকাবিলায় বিকাশের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

অনলাইনে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘ম্যানেজিং এমএল ও টিএফ রিস্কস ইনভলভিং অনলাইন কানেকটিভিটি’ শীর্ষক এই অর্ধবার্ষিক আয়োজনে আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতের কৌশল ও ঝুঁকি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেমিনারে মূলত জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আলোকে অনলাইন জুয়া, বেটিং ও ভার্চ্যুয়াল অ্যাসেটের অবৈধ লেনদেন প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অনলাইন কানেকটিভিটিকে কেন্দ্র করে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় ও সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
আর্থিক সেবার নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সময়মতো তথ্য প্রদানের বাধ্যবাধকতা ও প্রয়োজনীয়তার বিষয়টিতে সেমিনারে বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর আর্থিক অপরাধ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
উক্ত আয়োজনে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে ব্যাংকের আঞ্চলিক পর্যায়ের এএমএল-সিএফটি কর্মকর্তা ও প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও কর্মপন্থা বিনিময় করেন।
