ঢাকার ৫০ গুরুত্বপূর্ণ স্থানে বসবে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই অনুশাসন প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষায় ইটভাটার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার রাস্তায় শব্দের মাত্রা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় বিদ্যমান এআই ক্যামেরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের তাগিদ দেওয়া হয়েছে।
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া নির্গমনকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়।
উক্ত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
