চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়কের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকাজ পরিচালনা এবং ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে বন্যাকবলিত অঞ্চলে সরকারি কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এই পদক্ষেপের আওতায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বন্যা পরিস্থিতির কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুদ থাকা ত্রাণ সামগ্রীর স্থিতি পর্যালোচনা এবং সামগ্রিক উদ্ধার কার্যক্রমের মূল্যায়ন করবেন। এ প্রক্রিয়ায় তিনি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন এবং মাঠপর্যায়ে কাজের সমন্বয় নিশ্চিত করবেন। এর মাধ্যমে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো এবং ত্রাণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও প্রতিমন্ত্রীর কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা এবং গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে তিনি নিয়মিতভাবে সরকারকে অবহিত করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রতিমন্ত্রীকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে।

সম্পর্কিত- বন্যা মোকাবিলা
0%
0%
0%
0%