পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কৃষকদের সহায়তা দিতে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। আগামী পহেলা বৈশাখে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) কৃষক কার্ড বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী পহেলা বৈশাখে দেশের কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করতে বিএনপির নির্বাচনী ইশতেহারে ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি এবং কৃষি সেবা সহজে পেতে পারবেন।