AdvertisementAdvertisement

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তিন বাহিনীর জন্য এক মহাপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশনে বুধবার (৮ জুলাই) তিনি জানান, বৃহত্তর বগুড়ায় একটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনসহ গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পগুলো এখন ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় বাস্তবায়িত হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংসদীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এমপির এক প্রশ্নের জবাবে।

প্রধানমন্ত্রী জানান, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিশাল কর্মযজ্ঞ সফল হলে সেনাবাহিনী অধিকতর প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক এবং আত্মনির্ভরশীল একটি আধুনিক যুদ্ধসক্ষম বাহিনীতে রূপান্তরিত হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় এই বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল এবং সাবমেরিন যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Advertisement
বিজ্ঞাপন

দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার একটি সামরিক শিল্পাঞ্চল বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের পরিকল্পনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করতে তিন ও সাত বছর মেয়াদী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

পররাষ্ট্রনির্ভরতা কমিয়ে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা ও ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বাড়াতে চলমান প্রচেষ্টার কথা তুলে ধরে তারেক রহমান আরও বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্পকে বিশ্বমানের করে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%