প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ত্রিনয়নী শিববাড়ী মন্দিরের দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের এই সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুন্দর ও শান্তিময় বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য বর্তমান সরকার বিগত যেকোনো সময়ের তুলনায় অধিকতর সহযোগিতা নিশ্চিত করেছে। বাংলাদেশি হিসেবে সকল নাগরিকের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সমৃদ্ধ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এর আগে সোমবার সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছরের দুর্গাপূজা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলা এবং নির্বাচনী এলাকায় পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
মন্দির পরিদর্শনকালে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আবদুর রহমান রিপন এবং ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিনয়নী শিববাড়ী মন্দির পরিদর্শন শেষে মন্ত্রী মৌলভীবাজার সদরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি মন্দির ও মহেশ্বরী পূজামণ্ডপও পরিদর্শন করেন।