শনিবার কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, ব্যস্ত দিন কাটাবেন নানা উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে

একদিনের সরকারি সফরে আগামী শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরে প্রকাশিত চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় তিনি কক্সবাজার পৌঁছাবেন। সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার উন্নয়ন কর্মকাণ্ড তদারকির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

সফরের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খননকৃত ‘পাতলীখাল’ পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে উপস্থিত হয়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করবেন।

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন। এরপর তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

দিনব্যাপী ব্যস্ততম কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।

বিজ্ঞাপন

সফরের শেষভাগে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকতের সার্বিক পরিবেশ পরিদর্শন করবেন। দিনব্যাপী রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচি শেষে শনিবার রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

0%
0%
0%
0%