অভিযোগ প্রাপ্তি মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং রাজধানী ঢাকার নিরাপত্তা বিধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার জানান, বাস টার্মিনালগুলোতে যাত্রীসেবা নির্বিঘ্ন করতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলো যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর পশুর হাটগুলোর নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, দুই সিটি কর্পোরেশন নির্ধারিত প্রতিটি হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি হাটে পুলিশের দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া আর্থিক লেনদেনে প্রতারণা এড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হয়েছে।

ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অপরাধীদের তৎপরতা রোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। জাল নোট কারবারি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য রুখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) সাদা পোশাকে দায়িত্বরত বিশেষ টিম ২৪ ঘণ্টা কাজ করছে। জননিরাপত্তা বজায় রাখতে এবং উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে ঘরে ফিরতে পারে, সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন
সম্পর্কিত- ডিএমপি
0%
0%
0%
0%