সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে সেতুমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৪০০০ মানুষের অকাল প্রয়াণ রাষ্ট্রের জন্য একটি বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার ২২ মে কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা চেক বিতরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাম্প্রতিক এক দুর্ঘটনায় ঈদুল ফিতরের প্রাক্কালে ১২ জনের মৃত্যু ও আটজনের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার দায়বদ্ধ এবং সেই দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। পরিস্থিতির টেকসই উন্নতির জন্য পরিবহন মালিক, চালক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ত্রুটিপূর্ণ বা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দিয়ে তিনি জানান, কেবলমাত্র দক্ষ চালকের হাতেই যানবাহনের নিয়ন্ত্রণ তুলে দেওয়া জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।
মহাসড়কে দুর্ঘটনা হ্রাস করতে অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে শেখ রবিউল আলম জানান, ঝুঁকিপূর্ণ ইন্টারসেকশনগুলোতে আন্ডারপাস, ওভারপাস ও ইউটার্ন সুবিধা বৃদ্ধির পরিকল্পনা চলমান রয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের বিষয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারানোর বেদনা পূরণ করার নয়, তবে ক্ষতিগ্রস্তদের শিক্ষা, চাকরি ও অন্যান্য সরকারি সেবায় অগ্রাধিকার দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি টোল প্লাজা পরিদর্শন করেন মন্ত্রী। তিনি সেখানে টোল প্লাজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং যাত্রীসেবা আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। শেষে তিনি উপস্থিত সবাইকে নিজ ও অপরের জীবনের নিরাপত্তার স্বার্থে সড়ক ব্যবহারের নিয়মাবলি মেনে চলার আহ্বান জানান।