পরিচ্ছন্ন নগরী গড়তে বরিশালে নিজ হাতে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার ও ডিসি

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে শনিবার বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার ‘সেলফি রোড’-এ এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার।

পরিচ্ছন্নতা  অভিযানের শুরুতে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ হাতে ঘাস কেটে ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। এ সময় ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবক সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে যোগ দেন। তারা সম্মিলিতভাবে এলাকার বড় ঘাস, ঝোপঝাড় এবং যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অভিযান শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিচ্ছন্নতা অভিযানের তাৎপর্য তুলে ধরে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

০%
০%
০%
০%