হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার বেলা ১১টায় তিনি নদীর ক্ষতিগ্রস্ত অংশ সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের দুর্দশার কথা শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক জি এম সরফরাজ ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী এলাকাবাসীও সেখানে উপস্থিত ছিলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসেছেন তিনি, যাতে এই সমস্যার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়। তিনি আশ্বস্ত করে বলেন, জনদুর্ভোগ লাঘবে যে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন, তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে এবং আপাতত সাময়িক পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ ব্যবহারের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, হবিগঞ্জ শহরকে প্লাবনের হাত থেকে রক্ষা করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই বড় ধরনের প্রকল্পগুলোর কাজ দৃশ্যমান হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এর ফলে আশপাশের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি, পুকুর ও মৎস্য খামারের।