প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ডিসিদের

জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, খাদ্যদ্রব্যে ভেজাল ও বাল্যবিবাহ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে তিনি সুনির্দিষ্ট একগুচ্ছ নির্দেশনা প্রদান করেছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৩ মে) সকালে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন থাকছে, যার ৩০টি কার্য অধিবেশন। এতে ৫৬টি মন্ত্রণালয় বা বিভাগ অংশ নিচ্ছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ে কাজের জন্য জেলা প্রশাসকদের প্রতি কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দুর্নীতি জনপ্রশাসনকে কলুষিত করে এবং কর্মকর্তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দেন, সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূল ভিত্তি হবে। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে নির্দেশ দেন।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যার মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি এবং জনগণের ন্যায্য অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্পত্তির নির্দেশও দেন তিনি।
সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যদ্রব্যে ভেজালকারীদের প্রতি বিন্দুমাত্র ছাড় না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জোরালো নির্দেশনা দেন। তিনি আরও জানান, কেবল শীতকাল নয়, সারা বছরব্যাপী সকল জেলায় ছাত্র-ছাত্রীদের জন্য সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করতে হবে।
দেশকে বন্যা ও খরা থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নৈতিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য, যা বাস্তবায়নে সকলকে নিরলস কাজ করার নির্দেশনাও দেন তিনি।
