সাংবাদিক আবদাল আহমদ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিযুক্ত

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে তাকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন সৈয়দ আবদাল আহমদ। তবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমস্ত কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থেই এই আদেশ জারি করা হয়।
সৈয়দ আবদাল আহমদ এর পূর্বে জাতীয় প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (উপ-সচিব পদমর্যাদা) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।