গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এক চিঠিতে দেশের সকল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনটির সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ, একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। এই তথ্য যাচাই-বাছাই শেষে গোয়েন্দা সংস্থাগুলো এমন আশঙ্কার কথা জানিয়েছে।
এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এই সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা, সার্বিক নজরদারি বৃদ্ধি করা এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তারা জানিয়েছেন।