মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)। প্রতিষ্ঠানটি এবং এর অধীন বিভিন্ন দপ্তরে রাজস্ব খাতভুক্ত চার ক্যাটাগরির পদে মোট ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অডিটর পদে ৭০ জন, কম্পিউটার টাইপিস্ট পদে ৬২ জন, গাড়িচালক পদে ৬ জন এবং অফিস সহায়ক পদে ২০৯ জন নিয়োগ দেওয়া হবে।

জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ।
নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ।

কম্পিউটার টাইপিস্ট পদে আবেদন করতে হলেও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। এ পদের জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা প্রয়োজন। প্রার্থীকে নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও উত্তীর্ণ হতে হবে।


গাড়িচালক পদে আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।অফিস সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল অনুযায়ী, জুনিয়র অডিটর, কম্পিউটার টাইপিস্ট ও গাড়িচালক পদে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা মূল বেতন নির্ধারিত রয়েছে। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের, যার মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ নভেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে বলা হয়েছে।

সম্পর্কিত- সরকারি চাকরি
০%
০%
০%
০%