Advertisement

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে গিয়ে হিমালয়ের দেশ নেপালে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্তঘেঁষা দুর্গম রসুয়া জেলায় আকস্মিক হড়পা বান এবং বিধ্বংসী বন্যায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। শুটিংয়ের প্রয়োজনে স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে নিয়ে সেখানে অবস্থান করছিলেন এই অভিনেতা, কিন্তু প্রকৃতির বৈরী আচরণে এখন তাঁদের ফিরে আসার পথ রুদ্ধপ্রায়।

টানা প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলে রসুয়া জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হড়পা বান ও পাহাড় ধসে রাস্তাঘাট ও সেতুর বহু অংশ ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুর্যোগের কবলে পড়ে স্থানীয় অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ঘটনার ভয়াবহতায় পরিবারের সঙ্গে অভিনেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে উদ্বেগের কালো মেঘ জমেছিল তাঁর অনুরাগীদের মনে।

বিজ্ঞাপন

পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ওপার বাংলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন খরাজ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আপাতত তাঁরা নিরাপদেই আছেন। গত ২০ আগস্ট বাংলাদেশের একটি সিনেমার কাজে নেপালে পাড়ি দিয়েছিলেন এই অভিনেতা। ২৬ আগস্ট ফেরার কথা থাকলেও অতিবৃষ্টি ও বন্যার কারণে আটকে পড়েন তিনি। বর্তমানে কাঠমান্ডু হয়ে ফেরার সব পথ বন্ধ থাকায় বিকল্প পথে গোরক্ষপুর হয়ে কলকাতা ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিজ্ঞ এই অভিনেতা জানান, টানা পাঁচ ঘণ্টা জঙ্গলের মধ্যে বৃষ্টির কবলে কাটাতে হয়েছে তাঁদের, যা ছিল অত্যন্ত দুঃসহ ও ভীতিকর এক অভিজ্ঞতা। শুটিং ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করে তাঁরা জানতে পেরেছেন, একমাত্র গোরক্ষপুরমুখী পথটিই বর্তমানে সচল রয়েছে। সেই পথ ধরেই গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করছেন তাঁরা। আগামী কালকের ফ্লাইটে কলকাতা ফেরার আশা ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘শিকার’ সিনেমার শুটিংয়ে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আরেক বরেণ্য অভিনেতা রজতাভ দত্ত এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন মুহূর্তে শুটিং টিমের বাকি সদস্যদের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠা বাড়ছে ঢালিউড ও টলিপাড়ায়।

0%
0%
0%
0%