Advertisement

বন্দেমাতরম নিয়ে শর্মিলা ঠাকুরের মন্তব্যের কড়া জবাব দিলেন কঙ্গনা রানাওয়াত

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি মন্তব্য ঘিরে তোলপাড় বিনোদন পাড়া। সম্প্রতি ‘বন্দেমাতরম’ সংগীতের কেবল প্রথম দুটি স্তবক গাওয়া উচিত বলে নিজের অভিমত প্রকাশ করেছিলেন প্রবীণ এই অভিনেত্রী। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার কড়া প্রতিক্রিয়া জানালেন বলিউড কুইন ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শর্মিলা ঠাকুরের বক্তব্যের ভিডিও শেয়ার করে নিজের ক্ষুরধার লেখনীতে কঙ্গনা যেন এক নতুন বিতর্কের সূত্রপাত ঘটালেন।

কঙ্গনা তার দীর্ঘ পোস্টে শিল্প ও কবিতা নিয়ে শর্মিলার এমন রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, একজন শিল্পী হয়েও কেন তিনি শিল্পের রূপক অর্থ বুঝতে ব্যর্থ হচ্ছেন, তা বিস্ময়কর। কঙ্গনার মতে, কবি যখন কোনো গান বা কবিতা লেখেন, তখন সেখানে শব্দের ব্যবহার স্রেফ আক্ষরিক অর্থে সীমাবদ্ধ থাকে না; বরং তা এক গভীর আবেগ ও কল্পনার সংমিশ্রণ। বন্দেমাতরম কেবল একটি গান নয়, বরং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিশিখা, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশপ্রেমের অদম্য শক্তি জাগানোর লক্ষ্যেই রচনা করেছিলেন।

বিজ্ঞাপন

নিজ বক্তব্যে কঙ্গনা আরও আহ্বান জানান, শিল্পকে হিন্দু-মুসলিম রাজনীতির ক্ষুদ্র গণ্ডি থেকে বের করে আনা প্রয়োজন। স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি টেনে তিনি বলেন, তিনি যখন লোহমানব তৈরির কথা বলেছিলেন, তখন তা কোনো আবহাওয়ার পূর্বাভাস ছিল না, বরং ছিল শক্তির জাগরণ। কঙ্গনা আরও যোগ করেন যে, ঈশ্বর এক হলেও শক্তির রূপ নানা হতে পারে, তাই একে অপরের প্রতি সংকীর্ণতা দূর করে আলিঙ্গনের মানসিকতা তৈরি করা উচিত। শর্মিলার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার এই কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, ১৯৩৭ সালের কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি পুরোনো প্রস্তাবের প্রসঙ্গ টেনে শর্মিলা ঠাকুর এই মন্তব্যটি করেছিলেন। যেখানে জাতীয় সংগীতের প্রথম দুটি স্তবক গাওয়ার রীতি অনুসরণ করার কথা বলা হয়েছিল। এর আগেও গত ১৫ আগস্ট কংগ্রেসের স্বাধীনতা দিবস উদযাপনের সময় মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীর আচরণ নিয়ে বিজেপি তীব্র আপত্তি তুলেছিল। রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসা এই সংগীত বিতর্ক এখন বিনোদন জগতের তারকাদের মধ্যেও নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%