Advertisement

কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইশের টক্সিক

সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৬ আগস্ট রুপালি পর্দায় আছড়ে পড়তে চলেছে যশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। তবে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে সমালোচনার ঝড় উঠেছে—কেউ কেউ মনে করছেন ছবিতে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত হিংস্রতা, আবার অনেকের মতে চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে মাত্রাতিরিক্ত সাহসী সব দৃশ্য। এমন বিতর্কিত আবহের মধ্যেও কোনো বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাওয়ায় অবাক হয়েছেন চলচ্চিত্রবোদ্ধাদের একাংশ।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি-র তথ্য অনুযায়ী, তিন ঘণ্টা বারো মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি ছাড়পত্র পেয়েছে অত্যন্ত সহজ শর্তে। কন্নড় এবং ইংরেজি ভাষায় নির্মিত ছবিটির মূল কাঠামোতে কোনো হাত দেওয়া হয়নি। কেবল কন্নড় সংস্করণের দুটি শব্দ ও বাক্য মিউট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইংরেজি সাবটাইটেলের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পাশাপাশি পর্দায় ধূমপান ও মদ্যপান বিরোধী বিধিবদ্ধ সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিএফসি-র পক্ষ থেকে। এর বাইরে কোনো দৃশ্য বা সংলাপ বাদ দেওয়ার প্রয়োজন বোধ করেনি সেন্সর বোর্ড।

বিজ্ঞাপন

অথচ অতীতে বেশ কিছু সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ডের কঠোর ভূমিকা দেখা গিয়েছিল, যা নিয়ে এখন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলে একজন লিখেছেন, সিনেমার নারী চরিত্রকে পণ্য হিসেবে উপস্থাপন করা হলে বোর্ড যেন তখন অন্ধ হয়ে যায়। আবার কেউ কেউ ‘স্পাইডারম্যান’ বা ‘সুপারম্যান’-এর মতো হলিউড সিনেমার চুম্বনের দৃশ্য কর্তনের প্রসঙ্গ টেনে এনে সেন্সর বোর্ডের দ্বিচারিতা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।

সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই অবশ্য ছবির কেন্দ্রীয় চরিত্র এবং অন্যতম সহ-লেখক যশ দর্শকদের আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন। জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘টক্সিক’ মোটেও শিশুদের জন্য নয়। যশ বলেছিলেন, এই সিনেমার গল্প অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য তৈরি। দর্শকরা নিজেরাই বিচার করতে পারবেন তারা পর্দায় কী দেখতে চান এবং কী শিখতে চান। সিনেমার মূল বিষয়বস্তু যে শিশু-কিশোরদের উপযোগী নয়, তা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন।

বিজ্ঞাপন

গীতু মোহনদাস পরিচালিত এই বিগ বাজেটের ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়ার মতো তারকা। সব বিতর্ক আর জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বক্স অফিসে ‘টক্সিক’ কেমন দাপট দেখায়, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

0%
0%
0%
0%