নতুন প্রেমের গুঞ্জনে ব্ল্যাকপিংক তারকা লিসা ও থাই অভিনেতা ব্লু পংতিওয়াত

আন্তর্জাতিক সংগীত অঙ্গনের সুপারস্টার এবং ব্ল্যাকপিংক ব্যান্ডের মধ্যমণি লিসার ব্যক্তিগত জীবন নিয়ে ফের সরগরম বিনোদন দুনিয়া। ফরাসি ধনকুবের ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে সম্পর্কের ইতি টানার গুঞ্জন চাউর হতেই নতুন প্রেমের হাওয়ায় ভাসছেন এই থাই সুন্দরী। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও মডেল ব্লু পংতিওয়াতের সঙ্গে লিসার ঘনিষ্ঠতা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে জানা গেছে, লিসা ও পংতিওয়াতকে থাইল্যান্ডের পাশাপাশি হংকং ও জাপানের মতো ভিন্ন ভিন্ন দেশে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তা-ই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে যে, থাইল্যান্ডে লিসার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গেও পংতিওয়াতের সাক্ষাৎ হয়েছে, যা তাদের সম্পর্কের গভীরতাকে আরও রহস্যময় করে তুলেছে।
তবে লিসার ভক্তদের একটি বড় অংশ বিষয়টিকে কেবল দীর্ঘদিনের বন্ধুত্ব হিসেবেই দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে একে অপরের বন্ধু হিসেবে পরিচিত এই দুই তারকাকে নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। মূলত গত এপ্রিলে লিসার জন্মদিনে পংতিওয়াত নিজের সামাজিক পাতায় লিসার সঙ্গে তোলা ছবি শেয়ার করে তাকে ‘রকস্টার’ বলে সম্বোধন করেছিলেন, যা সেই সময় বেশ চর্চিত হয়েছিল। নতুন গুঞ্জনের পর সেই পুরনো ছবিগুলোই এখন নতুন করে ভক্তদের মাঝে আলোড়ন তৈরি করেছে।
পংতিওয়াত মূলত একজন বহুমুখী প্রতিভার অধিকারী। মডেলিং ও গানের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেডি, সেট, লাভ’-এ অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে তাকে প্রায়ই ‘থাইল্যান্ডের চা উন-উ’ নামে সম্বোধন করা হয়। লিসার চেয়ে তিন বছরের ছোট পংতিওয়াত কি সত্যিই লিসার জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন, নাকি এটি কেবলই বন্ধুত্বের বহিঃপ্রকাশ—সেই উত্তর জানার জন্য এখন সময়ের অপেক্ষায় ভক্তরা।
এর আগে এলভিএমএইচ গ্রুপের উত্তরাধিকারী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় ধরে বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচনা চলছিল। ২০২৩ সাল থেকে তাদের একাধিকবার বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেলেও, লিসা বা ফ্রেদেরিক কেউই কখনোই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। সম্প্রতি তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লেও, এ বিষয়ে এখন পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে নতুন এই গুঞ্জনে লিসার বর্তমান প্রেমজীবন এখন বিনোদনের শিরোনামে সবার উপরে।
