নতুন ওয়েব ফিল্মের প্রচারণায় আরিফিন শুভ ও কেয়া পায়েলের বিয়ের গুঞ্জন

ঢালিউডের তারকা অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নেটদুনিয়ায় হঠাৎই শুরু হয়েছে চর্চার ঝড়। বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী কেয়া পায়েলকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। ক্যাপশনে স্পষ্টাক্ষরে লিখেছিলেন ‘হ্যাপিলি ম্যারেড’। মুহূর্তে সেই ছবি ভাইরাল হতেই ভক্তদের মাঝে কৌতূহলের পারদ চড়তে শুরু করে। তবে কি চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসলেন এই দুই তারকা? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল শুভ-ভক্তদের মনে।

বিজ্ঞাপন

অবশ্য দিনশেষে জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, এটি কোনো বাস্তব জীবনের ঘটনা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারেড’-এর প্রচারণার অংশ। জাহিদ প্রীতম পরিচালিত এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের সপ্তম চলচ্চিত্র হিসেবে এটি দর্শকদের সামনে আসছে।

পরিচালক জাহিদ প্রীতম তাঁর দ্বিতীয় এই নির্মাণে সাজিয়েছেন বিপরীত মেরুর দুই চরিত্রের গল্প। ছবিতে আরিফিন শুভকে দেখা যাবে আনিস নামের এক সহজ-সরল মফস্বলের যুবকের চরিত্রে, যে কিনা পরিবারকেন্দ্রিক ও স্বাধীনচেতা। চিরাচরিত অ্যাকশন হিরো বা ‘আলফা মেইল’ ইমেজ ভেঙে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে শুভকে দেখা যাবে এক ভিন্ন আবহে। অন্যদিকে, কেয়া পায়েল অভিনয় করছেন শহুরে উচ্চবিত্ত পরিবারের তরুণী অনামিকার চরিত্রে, যার জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল জগতের রঙিন মায়া।

ভার্চুয়াল জগতের এই মোহ বনাম মফস্বলের বাস্তব জীবন ও পারিবারিক মূল্যবোধের সংঘাতই হবে এই সিনেমার মূল উপজীব্য। আরিফিন শুভর এমন চমকে দেওয়া পোস্টের পর ভক্তদের মাঝে খানিকটা স্বস্তি ফিরেছে। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে কাজের মাধ্যমেই নতুন করে ফিরছেন তিনি। গত জুলাই মাসে অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে অনেকটা সময় নিজেকে আড়ালে রেখেছিলেন এই অভিনেতা। এবার নতুন সিনেমার প্রচারণার এই অভিনব কৌশলে পর্দায় ফেরার অপেক্ষায় শুভ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%