অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকেন টেলিপাড়ার মানুষ থেকে শুরু করে সিরিয়ালপ্রেমী দর্শকরা। কোন ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে আর কোনটি তালিকার তলানিতে, তা স্পষ্ট হয়ে যেত টিআরপি তালিকা প্রকাশের মাধ্যমেই। কিন্তু সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কড়া নির্দেশনায় থমকে দাঁড়িয়েছে সেই দীর্ঘদিনের পরিচিত ধারা। ব্রডকাস্ট অডিয়েয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে টিআরপি তালিকা প্রকাশ। যার ফলে চলতি সপ্তাহেও অধরা রয়ে গেছে ধারাবাহিকের জনপ্রিয়তার সেই পরিসংখ্যান।

বিজ্ঞাপন

এই নির্দেশিকার পর থেকেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে জল্পনা। ছোট পর্দার তারকাদের কাজের ওপর আদৌ কি কোনো প্রভাব পড়বে এই সিদ্ধান্তের? প্রশ্ন উঠছে, প্রতিযোগিতা না থাকায় কাজের উদ্যম কি হারিয়ে ফেলবেন শিল্পীরা? তবে টেলিপাড়ার অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী মনে করছেন, সংখ্যাতত্ত্বের ঊর্ধ্বে উঠেও পেশাদারিত্বের জায়গা থেকে নিজেদের সেরাটা দেওয়াই তাদের মূল লক্ষ্য। কোনো তালিকা থাক বা না থাক, অভিনয়ের প্রতি নিষ্ঠা কিংবা কাজের মানের সঙ্গে তারা কোনো আপস করতে রাজি নন।

তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকের মতে, টিআরপি তালিকা কেবল পরিসংখ্যান নয়, বরং এক ধরনের অনুপ্রেরণা। প্রতি সপ্তাহের এই ফলাফল যেন এক অঘোষিত পরীক্ষার মতো, যা দর্শকদের পছন্দ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ভালো ফল করলে যেমন উৎসাহ বাড়ে, তেমনি খারাপ ফলাফলের গ্লানি থেকে আরও কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা পান শিল্পীরা। দীর্ঘদিনের এই অভ্যস্ততা হঠাৎ করে থমকে যাওয়ায় কিছুটা অনিশ্চয়তা ও শূন্যতা অনুভব করছেন অনেকে।

সব মিলিয়ে, টিআরপি তালিকা ঘিরে থাকা এই রহস্যময় নীরবতা টেলিপাড়ায় নতুন এক পরিস্থিতির জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, পরিসংখ্যানহীন এই নতুন বাস্তবতায় ধারাবাহিকের ভবিষ্যৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের কর্মস্পৃহা কতটুকু অটুট থাকে। সাময়িক এই স্থবিরতা কি কেবলই সময়ের অপেক্ষা, নাকি ছোট পর্দার বিনোদন জগতে নিয়ে আসতে চলেছে কোনো বড় পরিবর্তনের হাওয়া, তা এখন সময়ই বলে দেবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%