টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মৈত্র সম্প্রতি দুর্গাপূজার ছুেলর সুযোগ নিয়ে পাহাড়ি উপত্যকার কোলে নিজেকে সময় দিয়েছেন একান্তে। সোমবার পাহাড়ের কোল থেকে নিজের কিছু নয়নাভিরাম ছবি সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা। কিন্তু তাঁর পোস্ট করা ছবিগুলোর চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তাঁর রহস্যময় ক্যাপশনগুলো, যা উস্কে দিয়েছে নানা ধরনের জল্পনা।
রবিবার প্রকাশিত একটি ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে একেবারে অন্যরকম এবং বোল্ড লুকে। কালো রঙের টপ, হট প্যান্ট, লম্বা কোট এবং গামবুটের সঙ্গে চোখে কালো রোদচশমা পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। তবে এই নজরকাড়া গ্ল্যামারাস লুক ছাপিয়ে ভক্তদের মনে দাগ কেটেছে তাঁর ছবির ক্যাপশন। বাংলায় নয়, এবার হিন্দিতে নিজের মনের কথা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি শান্ত বলেই যে ভদ্রলোক তা কিন্তু ভেবো না, সমুদ্র শান্ত থাকলে তা ধ্বংস ডেকে আনে।’ তাঁর এই হুংকারমূলক বার্তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি মানসিকভাবে কোনো এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন এবং আসন্ন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন।
গত কয়েক মাস ধরেই অভিনেত্রীর সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা কিংবা ব্যক্তিগত কোনো টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। যদিও এই cryptic বা ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো কার উদ্দেশ্যে লেখা, তা এখনও রহস্যের আবডালে ঢাকা। এর আগে সহকর্মী শ্রুতি দাসের সঙ্গে তাঁর মনকষাকষির খবর শোনা গেলেও তা একসময় মিটে গিয়েছিল। তবে কি নেপথ্যে অন্য কোনো সহকর্মীর সঙ্গে নতুন করে অশান্তি দানা বাঁধল, নাকি ব্যক্তিগত জীবনের কোনো না বলা গল্প লুকিয়ে রয়েছে এর পেছনে, তা নিয়ে অনুরাগীদের মনে প্রশ্নের অন্ত নেই।
ব্যক্তিগত জীবনের এই ঝড়ঝাপটা আর মানসিক লড়াইয়ের মাঝেই পেশাগত জীবনে দারুণ সময় কাটাচ্ছেন আরাত্রিকা। বর্তমানে জনপ্রিয় ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে ‘উজি’ নামক একটি চ্যালেঞ্জিং পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথমবার এমন শক্তিশালী চরিত্রে তাঁর অভিনয় এবং রূপের দ্যুতি উভয়ই দর্শকদের মন জয় করে নিয়েছে। ব্যক্তিগত জীবনের ওঠানামাকে পেছনে ফেলে তিনি যে নিজেকে নতুন করে গড়ে তুলছেন, তা তাঁর প্রতিটি পদক্ষেপে স্পষ্ট।