বলিউডের ঠোঁটকাটা স্বভাবের তারকা ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত বরাবরই তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি নিশানা বানিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যাননকে। সম্প্রতি রাখিবন্ধন উৎসব উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে কৃতিকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়। সেই বিজ্ঞাপনের দৃশ্য নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল বিতর্ক। কৃতির পোশাক নির্বাচন নিয়ে নেটজনতার একাংশ যেমন তীব্র সমালোচনা করেছেন, এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন কঙ্গনা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপনটির একটি স্ক্রিনশট শেয়ার করে বেশ কড়া ভাষায় মন্তব্য করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, বর্তমানে নারীদের কাছে পোশাকের অবারিত সুযোগ রয়েছে। কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও কেন বিকিনি বা অন্তর্বাস সদৃশ পোশাক পরে ভাই-বোনের পবিত্র উৎসব রাখিবন্ধন পালন করতে হবে? কঙ্গনার মতে, পোশাকের নির্বাচনে আরও মার্জিত হওয়ার সুযোগ ছিল। এমনকি বিজ্ঞাপনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে বলেও তিনি বিদ্রূপ করেন।
কঙ্গনা রনৌতের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পক্ষে-বিপক্ষের লড়াই। কৃতির সমর্থকরা মনে করছেন, একজন অভিনেত্রীর পেশাগত কাজের ক্ষেত্রে এমন মন্তব্য অহেতুক। অন্যদিকে কঙ্গনার অনুসারীরা তার সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন। বলিউডের অন্দরমহলে এই নিয়ে এখন জোর চর্চা চলছে।
উল্লেখ্য, কঙ্গনা রনৌত সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে নিয়ে মন্তব্য করেও বিতর্কের কেন্দ্রে রয়েছেন। সেই বিতর্কে সোনু সুদ, তাপসী পান্নু, বাবা রামদেবসহ বহু নামী ব্যক্তিত্ব তার সমালোচনা করেছিলেন। তবে কঙ্গনা দমে যাওয়ার পাত্রী নন। তিনি উল্টো তেড়েফুঁড়ে জবাব দিয়ে বলেছেন, সমালোচনাকারীদের কেউই তার অর্জিত সাফল্যের ধারেকাছে নেই, তাই তাদের কোনো উপদেশ শোনার প্রয়োজন তিনি বোধ করেন না। কঙ্গনার এই অকুতোভয় ও আক্রমণাত্মক ভঙ্গি আবারও প্রমাণ করল, বলিউডের বিতর্কিত রাণী তিনিই।