পারিশ্রমিক নিয়ে বিবাদের জেরে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের আঙুল উঠল। এবার এক কাঠমিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়া এবং মারধর করার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন এই তারকা। রাজ কাপুর শর্মা নামক ওই কাঠমিস্ত্রি বেহালা থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যা নিয়ে বিনোদন অঙ্গনে এখন জোর চর্চা চলছে।

ঘটনার সূত্রপাত গত ১২ মে। সোহম চক্রবর্তীর বাড়িতে আলমারি তৈরির জন্য ৫৫ হাজার টাকার একটি চুক্তি হয়েছিল। প্রাথমিক কাজ শুরুর সময় ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হলেও, পরবর্তী সময়ে নতুন কাজের বরাত নিয়ে জটিলতা তৈরি হয়। অভিযোগকারীর দাবি, অতিরিক্ত দুটি আলমারি তৈরির কাজ প্রায় শেষ হওয়ার পর প্রাপ্য টাকা চাইতে গেলে চরম নিগ্রহের শিকার হতে হয় তাকে।

রাজ কাপুর শর্মার বয়ান অনুযায়ী, কেবল পাওনা টাকা দিতেই অস্বীকার করা হয়নি, বরং অভিনেতার পক্ষ থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই অভিযোগপত্রে সোহম চক্রবর্তীর পাশাপাশি অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করা হয়েছে। তবে এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি সোহম।

উল্লেখ্য যে, এটিই প্রথমবার নয়, এর আগেও আইনি বিতর্কে শিরোনামে এসেছিলেন এই অভিনেতা। গত জুলাই মাসে আরামবাগের এক ব্যবসায়ী শেখ সাহিদ ইমাম ৬৮ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরপর এমন সব অভিযোগের তীর অভিনেতার দিকে ধেয়ে আসায় টলিপাড়ার অন্দরমহলে অস্বস্তির ছায়া ঘনিয়েছে।

০%
০%
০%
০%