বলিউডের 'ভাইজান' সলমন খান মানেই কেবল রূপালি পর্দায় গ্ল্যামার আর অ্যাকশনের ঝলক নয়, বরং পর্দার আড়ালেও তাঁর মানবিক হৃদয়ের পরিচয় বারবার পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে সলমনের ছায়াসঙ্গী হয়ে কাজ করা বডি ডাবল পারভেজ কাজী বিপদের মুখে পড়লে ফের একবার মহানুভবতার অনন্য নজির গড়লেন সুপারস্টার সলমন। গত ছয় আগস্ট নিজের বাসভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পারভেজ। হার্ট অ্যাটাকের মতো গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা জরুরিভিত্তিতে একটি মাইনর হার্ট সার্জারি সম্পন্ন করেন।
সংবাদ পাওয়া মাত্রই পারভেজের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সলমন খান। পারভেজের ম্যানেজার পীযূষ জানিয়েছেন, সলমন বরাবরই পারভেজকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। তাই এই দুঃসময়ে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পারভেজের সুরক্ষার দিকটিও ব্যক্তিগতভাবে তদারকি করছেন অভিনেতা। বর্তমানে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পারভেজ।
বর্তমানে সলমন খান ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম 'মনস্টার'-এর শুটিং নিয়ে। এই ছবির অ্যাকশন দৃশ্যে পারভেজের অনুপস্থিতি ও তাঁর শারীরিক বিশ্রামের কথা মাথায় রেখে শুটিংয়ের শিডিউলে বিশেষ পরিবর্তন আনতে হয়েছে। তেলেগু পরিচালক বংশী পাইডিপল্লির পরিচালনায় এই বিগ বাজেটের ছবিতে সলমনের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। ফিল্ম সিটির প্রাইম ফোকাস স্টুডিওতে বিশাল সেট সাজিয়ে কোরিয়ান অ্যাকশন টিমের নিবিড় তত্ত্বাবধানে চলছে ছবির কাজ। সব ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
উল্লেখ্য, পারভেজ কাজী বলিউডের অন্যতম পরিচিত মুখ, যিনি সলমন খানের বডি ডাবল হিসেবে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। 'প্রেম রতন ধন পায়ো', 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'রেস থ্রি', 'ভারত', 'দাবাং থ্রি' এবং 'রাধে'-র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবিতে সলমনের হয়ে বিপজ্জনক সব স্টান্ট করেছেন তিনি। অন্যদিকে, সলমনের যুদ্ধভিত্তিক সিনেমা 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস', যা আগে 'ব্যাটল অফ গালওয়ান' নামে পরিচিত ছিল, সেটি বর্তমানে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তির কারণে ছবিটির মুক্তি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তবে নির্মাতারা আশাবাদী খুব শীঘ্রই নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে।