বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ৬১ বছর বয়সী এই সুপারস্টার ৪৭ বছরের গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু এই ঘরোয়া বিয়ের অনুষ্ঠানটি শেষ হতেই চারদিকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশেষ করে ধর্মীয় সংগঠনের একটি অংশ এবং কয়েকজন রাজনীতিক এই বিয়েকে 'লাভ জিহাদ'-এর তকমা দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। এমনকি ধর্মীয় ফতোয়ার মুখেও পড়েছেন বলিউডের এই জনপ্রিয় তারকা। তবে এসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আমির খান।
একটি সাক্ষাৎকারে আমির খান সবিস্তারে জানিয়েছেন যে, তাঁর পরিবার বরাবরই উদার এবং সব ধর্মকে শ্রদ্ধা করতে জানে। আমির বলেন, তাঁদের পরিবারে বহু বছর ধরেই ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু কখনোই কাউকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়নি। তাঁর দুই বোন হিন্দু পরিবারে বিবাহিত, এমনকি তাঁর মেয়ে ইরা খানও এক হিন্দুকে বিয়ে করেছেন। এর বাইরে তাঁর চাচাতো ভাই মনসুর বিয়ে করেছেন এক খ্রিষ্টান নারীকে। আমিরের সাফ কথা, ধর্ম পরিবর্তন ছাড়াই শান্তিপূর্ণভাবে সংসার করা সম্ভব।
গৌরী স্প্র্যাটকে বিয়ে করার প্রসঙ্গ টেনে আমির আরও জানান, রীনা দত্ত, কিরণ রাও কিংবা বর্তমান স্ত্রী গৌরী—কারও ক্ষেত্রেই কোনো ধর্মীয় রীতির বাধ্যবাধকতা ছিল না। প্রতিটি বিয়েই সম্পন্ন হয়েছে সিভিল ম্যারেজ বা আইনি প্রক্রিয়ায়। তিনি স্পষ্ট করেন, গৌরী খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও তিনি গোঁড়া নন এবং তাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা। সময়ের সাথে জীবনকে আরও উপভোগ্য করে তোলাই তাদের মূল লক্ষ্য বলে জানান এই অভিনেতা।
উল্লেখ্য যে, দীর্ঘ ২৫ বছর আগে পরিচয়ের সূত্র ধরে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে দুই বছর আগে পুনরায় যোগাযোগ হয় আমির ও গৌরীর। গত বছর আমিরের ৬১তম জন্মদিনে এই সম্পর্কের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল। এরপর গত ৫ জুলাই অত্যন্ত ব্যক্তিগত এক আয়োজনে ১৫০ জন অতিথি এবং নিকটাত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। সেই আয়োজনে জুনাইদ খান ও ইরা খান ছাড়াও উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, রাজ ঠাকরে, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি এবং ইরফান পাঠানের মতো ব্যক্তিত্বরা। তবে যাবতীয় সমালোচনা ও ফতোয়াকে উপেক্ষা করে আমির এখন তাঁর নতুন দাম্পত্য জীবনের আনন্দ উপভোগেই বেশি ব্যস্ত।